বিএম আসাদ ॥ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি এবার যশোরে ডেঙ্গু ভাইরাসের আশঙ্কা করা গেছে। হাসপাতাল চত্বরে ইতোমধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করে মশা নিধনের জন্য যশোর পৌরসভার মেয়রের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
যশোর জেলা স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যানে জানা গেছে, গতকাল খুলনা মেডিকেল কলেজ হতে ১শ’ ৬টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোরে এ পর্যন্ত ৪ হাজার ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একনো চলমান রয়েছে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এদিকে, করোনা ভাইরাসের পাশাপাশি এবার ডেঙ্গু ভাইরাসের আশঙ্কা করা হচ্ছে যশোরে। এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে। তাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসিআরও এ আশঙ্কা প্রকাশ করেছে। বিষয়টি অনুধাবন করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে মশা নিধন ও মশার বংশবিস্তার রোধ করার জন্য যশোর পৌর মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতাল চত্বরসহ আবসিক এলাকায় মশার উপদ্রপ দেখা দিয়েছে। গত বছরের জুলাই হতে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যশোরে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছিল। বর্তমানে আইইডিসিআর আশঙ্কা প্রকাশ করেছে যে, কোভিড-১৯ এর পাশাপাশি এ মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে। সে কারণে হাসপাতাল এলাকায় মশার বংশ বিস্তার রোধ করে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় থাকতে হবে।





