শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ সাতক্ষীরায় এনআরবিসি ব্যাংকের নকল সিল ও ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, পুরাতন সাতীরা এলাকার কোরবান গাজীর ছেলে তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর ছেলে আবু সাঈদ ও বেতলা এলাকার মোকাব্বের আলীর ছেলে দেলোয়ার হোসেন। ‘বিআরটিএ’র সহকারী পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জজ কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটারের দোকানে রবিবার বিকালে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের সংঘবদ্ধ একটি দালাল চক্রকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতীরা সদর থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





