কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ার একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার সকালে নিহত শাহিনুরের বাড়ি সংলগ্ন যশোর-সাতীরা সড়কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউপি সদস্য সোহরাব, মহিলা ইউপি সদস্য মমতাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, নিহত শাহিনুরের মা শাহিদা খাতুন, বোন আছিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, গভীর রাতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রকৃত আসামিরা ধরা না পড়লে এ ধরনের ঘটনা আরও ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। ১৫ অক্টোবর ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শাহিনুরের ভাই রায়হানকে গ্রেফতার করে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি পুলিশ।



