যশোরে স্কুল প্রতিষ্ঠার আগেই শিক্ষক নিয়োগের নামে টাকা হাতিয়ে হজম !

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্কুল প্রতিষ্ঠার আগেই শিক্ষক নিয়োগের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলার শর্শুনাদহ গ্রামের মৃত ইব্রাহিম খাঁ’র ছেলে সোলায়মান খাঁ গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন। এ মামলায় সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ইকবাল হোসেন আকাশকে আসামি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে আদেশ দিয়েছেন। একই সাথে আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বাদী সোলায়মান খাঁ’র অভিযোগ, আসামি আকাশ তার পূর্ব পরিচিত। তিনি ফুলবাড়িতে তার পিতার নামে একটি প্রতিবন্ধী স্কুল চালুর অনুমোদন পেয়েছেন বলে প্রচার করেন। সেই সাথে তিনি ওই স্কুলে শিক্ষক নিয়োগের ঘোষণাও দেন। ফলে বাদী তার ছেলেকে ওই স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আসামি আকাশের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি তার কাছে শিক্ষক নিয়োগ বাবদ ২ লাখ টাকা ডোনেশন দাবি করেন। বাদী তার এই প্রস্তাবে তাকে ২ লাখ টাকা দেন। কিন্তু আসামি আকাশ জমি না দেওয়ায় স্কুল প্রতিষ্ঠা হতে পারেনি। ফলে বাদী তার কাছে ছেলেকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য দেয়া টাকা ফেরত চান। কিন্তু তাকে ঘুরানোর কারণে বাদী এ বিষয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর আকাশের বিরুদ্ধে লেবুতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। সেখানে সালিশ বৈঠকে আসামি ২ লাখ টাকা নেওয়ার কথা স্বীকারও করেন। ফলে ওই সালিশ থেকে তাকে একই বছরের ১৭ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। কিন্তু আসামি আকাশ বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হন। ফলে পরবর্তী আরেকটি সালিশে ৪ কিস্তিতে অর্থাৎ চলতি বছরের ৩১ মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু গত ৩১ মার্চ বাদীকে শুধুমাত্র ৫০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু বাকি দেড় লাখ টাকা বাদীকে এখনো পরিশোধ করা হয়নি। টাকা পরিশোধে তিনি নানা টালবাহনা করছেন। এরপর গত ১০ অক্টোবর বিকেল ৪টার দিকে আসামি দুজন সঙ্গীকে নিয়ে বাদীর বাড়িতে আসেন। এ সময় তার কাছে পাওনা দেড় লাখ টাকা দাবি করলে তিনি বাদীকে খুন জখমের হুমকি দিয়ে চলে যান।

ভাগ