স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়া ও মণিরামপুর পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের নাম খাইরুল ইসলাম (৪৫), তিনি একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। অপরজন আজমির হোসেন (১২)। তারা দুই জনই একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে খাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী মেম্বারের ছেলে। নিহতের ছেলে রায়হান হোসেন সাংবাদিকদের জানান, মানসিকভাবে অসুস্থ তার বাবা পেশায় গ্রাম্য হোমিও ডাক্তার ছিলেন। ১৫ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, একই দিন সন্ধ্যায় মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর হাইস্কুলের পাশে একটি ডোবা থেকে আজমির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের আকরাম বিশ্বাসের ছেলে। শিশুটির মৃগি রোগ ছিল। ১৫ অক্টোবর রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।





