স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে অপহরণ ও গুমের অভিযোগে বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের হয়েছে। ৫ জনকে আসামি করে মামলাটি করেছেন আব্দুস সাত্তারের স্ত্রী হাসিনা খাতুন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার অভিযোগ আমলে নিয়ে সতত্য যাচাইপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। একই সাথে আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মামলার অভিযুক্তরা হচ্ছেন-লেবুতলা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম ও মাহাবুব হোসেন, মৃত বিলাত আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব, মৃত হাতেম বিশ্বাসের ছেলে শামিনুর রহমান এবং ওহাব বিশ্বাসের ছেলে আশানুর রহমান।
হাসিনা খাতুনের অভিযোগ, আসামিরা অপরাধী চক্রের সদস্য। এর মধ্যে আশানুর রহমান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। গত ৪ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে তার (বাদিনী) স্বামী আব্দুস সাত্তার ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে এ ঘটনায় ৫ অক্টোবর কোতয়ালি থানায় জিডি করা হয়। এরপর বাদিনী লোকজনের কাছ থেকে জানতে পারেন যে, গত ৪ অক্টোবর আব্দুস সাত্তারকে আসামি শহিদুল ইসলাম ও আশানুর রহমান একটি মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে নিয়ে গেছেন। তাদের সাথে এ সময় অপর একটি মোটরসাইকেলে আসামি মাহাবুব হোসেন ও শামিনুর রহমান একই দিকে যান। ফলে বাদিনীর আশঙ্কা করছেন, তার স্বামীকে অপহরণের পর খুন ও গুম করা হতে পারে।





