স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে বেশি দামে আলু বিক্রির অপরাধে বৃহস্পতিবার একজন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া বিভিন্ন অপরাধে সাতমাইলের আরও দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম দুপুরে সাতমাইল কাঁচা বাজারে অভিযান চালায়। এ সময় দেখা যায়, বাজারের লিটন স্টোরে ৩২ টাকা কেজি দরে কেনা আলু ৪২-৪৩ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে ওই দোকানের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানার পরপরই দোকান মালিক প্রতি কেজি আলু ৩৩ টাকা দরে বিক্রি শুরু করেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ওই টিম সাতমাইল মোড়ে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ আটা-ময়দা ও তারিখবিহীন আইসক্রিম বিক্রির দায়ে কুন্ডু স্টোরকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পানীয় বিক্রির দায়ে রসুল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় এই জরিমানা করা হয়েছে। অভিযানকালে ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার উপস্থিত ছিলেন।





