খড়কির ডিকু গংয়ের হাত থেকে রক্ষা পেতে এসপির কাছে আবেদন

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি এলাকার কুখ্যাত ডিকু গংয়ের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপার বরাবর আবেদন জানিয়েছেন শাহানাজ পারভীন সুমী নামে এক নারী। খড়কি বামনপাড়ার জাহিদ হোসেন খান অনুর স্ত্রী শাহানাজ পারভীন সুমী পুলিশ সুপার (এসপি) বরাবর দেয়া ওই লিখিত আবেদনে উল্লেখ করেছেন, খড়কির মতিয়ার রহমানের দুই ছেলে আক্তারুজ্জামান ডিকু ও জিসান, আব্দুল খালেকের ছেলে আল-আমিন, আব্দুল জলিলের ছেলে জল্য শামীমসহ তাদের সহযোগী সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এই সন্ত্রাসী চক্র তাদের (শাহানাজ পারভীন সুমীদের) লিজ নেয়া পুকুর, বাড়ি ও জমি দখল করে নিয়েছে। বাড়ির ভাড়াটিয়াদেরও হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাদের ভয়ে তিনি সন্তানদের নিয়ে বাইরে বের হতে পারেন না। বাইরে বের হলেই ওই সন্ত্রাসীরা তাকে খুন-জখমের হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে থাকে। গত ৮ অক্টোবর বেলা ১১ টার দিকে সন্তানদের স্কুলে বিশেষ প্রয়োজনে যাওয়ার জন্য বের হন। পথে খড়কির মোড়ে পৌঁছালে ডিকুসহ তার সহযোগীরা তার গতিরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি প্রদান করে। এ ঘটনার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।

ভাগ