রামপালে প্রতারণা করে জমি লিখে নেয়া ও টাকা আত্মসাতের অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের বাঁশতলী গ্রামের ইদ্রিস শেখ নামে এক ব্যাক্তির জমি প্রতারণার মাধ্যমে দলিল করা ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রতিকার চেয়ে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইদ্রিস শেখ বাঁশতলী গ্রামের খোরশেদ শেখের ছেলে। ভুক্তভোগী অভিযোগে জানান, সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত মহব্বতের ছেলে জাকির শেখ ভুল বুঝিয়ে শেখ ইদ্রিস ও তার বোন ফরিদা বেগমকে জমি রেজিস্ট্রেশন করাতে নিয়ে যান। ঘটনা বুঝতে পেরে তারা দৌঁড়ে সাংবাদিক আব্দুর রব মোল্লার অফিসে আশ্রয় নেন। পরে তার মধ্যস্থতায় একটি মীমাংসা হয়। মীমাংসা মোতাবেক প্রথমে নগদ ৪০ হাজার টাকা দেন জাকির শেখ। পরবর্তীতে রামপালের ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেয়ার কথা বলেন। পরে ইদ্রিস শেখ পাওনা টাকা আনতে গেলে লাইসেন্সধারী বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। এ ব্যাপারে সাংবাদিক আব্দুর রবের কাছে জানতে চাইলে তিনি সালিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত জাকির হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। জানা গেছে, পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের শুনানি শনিবার।

ভাগ