কোটচাঁদপুরে কলেজের নির্মাণাধীন লিন্টেল ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজে বুধবার নির্মাণ কাজের সময় লিন্টেল ভেঙে মাথায় পড়ে মালেক শাহ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গতকালই স্থানীয় থানায় মামলা হয়েছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ ও অবহেলা জনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। মামলায় প্রধান মিস্ত্রী রাজিবের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি দেখিয়ে মামলাটি করেছে মৃতের ছেলে শাকিল শাহ। মামলা নং- ১৪।
জানা গেছে, কলেজের ১৫ লাখ টাকার রিপিয়ারিং কাজটি পায় ঝিনাইদহের মেসার্স পিন্টু টেডার্স। কাজটি কিনে নেন কালীগঞ্জের বাবু ও মিলন। তারা আবার চুক্তিতে কাজ দেন নির্মাণ মিস্ত্রী রাজিবের নিকট। বিষয়টি দেখভাল করেন উপ-সহকারী প্রকৌশলী (শিক্ষা) তুহিন হোসেন। অভিযোগ উঠেছে, কয়েকটি হাত বদলানোর কারণে কাজটিতে ব্যাপক ত্রুটি রয়েছে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার বলেন, এ কাজের দায়ভার তার নয়। তিনি আরো বলেন, বিল্ডিং তৈরি হওয়ার পর শুধু চাবি বুঝে নেয়ার দায়িত্ব তার। নির্মাণ সংক্রান্ত দায়িত্ব প্রকৌশলী ও ঠিকাদারের। তারপরও তিনি কাজ দেখাশোনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন। কমিটির সদস্যরা হচ্ছেন কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এবং প্রভাষক আলমগীর হুসাইন। এ বিষয়টি নিয়ে কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, এ কাজের তদারকি মানে বালি, ইট রড কোথায় নামবে এ জায়গা বের করে দেয়া। তাছাড়া ইঞ্জিনিয়ার ঠিকাদার মিলে লেবার নিয়ে কখন ঢালাই দিচ্ছেন তাদেরকে জানানো হয় না। বিষয়টি নিয়ে উপ-সহকারী প্রকৌশলী তুহিন হোসেন ও ঠিকাদার মিলন ও প্রধান নির্মাণ মিস্ত্রী রাজিবের সাথে কথা বললে তিনজন কেউ এ দুর্ঘটনার বিষয়ে দায়িত্ব না নিয়ে একে অপরের ওপর দোষ চাপান।

ভাগ