কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে এক কৃষকের প্রায় এক বিঘা জমির ফলন্ত শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ঘোড়ামারা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মকিদুল ইসলাম জানান, অন্যের জমি লিজ নিয়ে তিনি বিজয়পুর গ্রামের মাঠে এ বছর কলার আবাদ করেছিলেন। আর কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করতেন তিনি। তবে মঙ্গলবার রাতের কোনও এক এসময় দুবৃর্ত্তরা তার ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে কলাক্ষেতে গিয়ে গাছ ও কলার কাদি মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তিনি। এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক মকিদুল ইসলাম। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করেন, এর আগে ঘোড়ামারা গ্রামের আশিক ও সালেক তার কলাক্ষেত থেকে কলা চুরি করে। এলাকাবাসীর কাছে হাতেনাতে আটক হওয়ার পর স্থানীয় মাতব্বরা তাদের সাত হাজার টাকা জরিমানা করে। এ কারণেই আশিক ও সালেক এ ঘটনা ঘটাতে পারে পরে বলে ধারণা তার। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভাগ