স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে লাগাতার নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটি ঝাঁটা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। ‘ধর্ষণ, নির্যাতন, সেখানেই ঝাঁটাপেটা’ এই শ্লোগানে মুখরিত হয় কর্মসূচি। গতকাল বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি মানুষের জীবনকে বিষময় করে তুলছে। বস্তাভরে টাকা নিয়ে থলে ভরে বাজার নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সরকারের ব্যর্থতায় একের পর এক নারী-শিশু নির্যাতন, ধর্ষণ বেড়েই চলেছে, দুর্নীতিবাজরা তাদের প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে। বক্তাদের মতে, মানুষ খুন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে কোন সমস্যা নেই যদি সাথে দলের বল থাকে। বক্তারা সরকারকে কটাক্ষ করে বলেন, এখন দেশে ‘জো’ এসেছে। তাই ধর্ষণ, নির্যাতন, খুন, দুর্নীতির ফলন বেড়েছে। তারা এসব অপরাধের লাগাম টেনে ধরার জন্যে এখনই তৎপর হওয়ার দাবি জানান। ঝাঁটা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন হবি, জেলা সভাপতি কমরেড নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, নারী মুক্তি সংসদ সভাপতি কমরেড সখিনা বেগম দিপ্ত, মাসুদুর রহমান রিনা আহমেদ প্রমুখ।





