বাঘারপাড়া ও মহেশপুরে দুর্ঘটনায় দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া ও ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, বাঘারপাড়া উপজেলা জয়রামপুর গ্রামের জামান শিকদারের পুত্র ইব্রাহিম সিকদার (৩৫) ও মহেশপুর উপজেলা বলিভদ্রপুরের শাহাবুদ্দিনের পুত্র আলামিন (২৮)। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে ইব্রাহিম সিকদার মোটরসাইকেলে বাড়ি থেকে স্থানীয় নারিকেলবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইব্রাহিম সিকদার গুরুতর আহত হলে বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ মসিয়ার রহমান তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। বেলা ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক ডাঃ আহমেদ তারেক সামস ইব্রাহিম সিকদারকে মৃত ঘোষণা করেন। তিনি নারকেলবাড়িয়া বাজারে ডিজেল-পেট্রোলের ব্যবসা করতেন। দুর্ঘটনাকবলিত অপর মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম একই গ্রামের সলেমান মোল্যার পুত্র। অন্যদিকে, চৌগাছা-মহেশপুর সড়কের বাথানগাছি-বেলেমাঠ বাজারে আলমসাধু উল্টে আলামিন গুরুতর আহত হন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসক স্বপন তাকে বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আলামিন একটি কোম্পানির ডেলিভারিম্যান ছিলেন। দোকানে মালামাল সরবরাহ করতে গিয়ে তিনি আলমসাধুর নিচে চাপা পড়েন।

ভাগ