অ্যাওয়ার্ড পাওয়ায় যশোর সিভিল সার্জন অফিসের প্রেসব্রিফিং

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলার ৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠান ‘হেলথ মিনিস্টারস অ্যাওয়ার্ড-১৯’ পাওয়ায় প্রেসব্রিফিং করেছে সিভিল সার্জন অফিস। গতকাল বেলা ১১টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেসব্রিফিং এ সভাপতির বক্তব্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায় বলেন, সারাদেশে ২০১৯ সালে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে ৫শ ১০টি হাসপাতালের স্বাস্থ্য সেবার মান জরিপ করে মোট ৫০টি হাসপাতাল জাতীয় পুরষ্কার অর্জন করেছে। এর মধ্যে খুলনা বিভাগ পেয়েছে ১১টি। যশোর জেলা স্বাস্থ্য বিভাগ ৫টি পুরষ্কার আনতে সক্ষম হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের ভাল সেবা ও বিশেষ সেবার মান যাচাই করে এ পুরষ্কার দেয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ একটি কমিটি ৩শ নম্বরের ভিত্তিতে সেবার মান জরিপ করে। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মণিরামপুর উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টিম পরিচালনায় জেলার প্রধান হিসেবে সিভিল সার্জন এ পুরষ্কার লাভ করেন। তার মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’টি বিশেষ দিক ছিল বঙ্গবন্ধু কর্নার ও পত্রিকা পড়ার স্থান। এ কারণে তারা দেশে ষষ্ঠস্থান অধিকার করেছে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ আবু শাহীন, বিএমএ প্রতিনিধি, ডাঃ অজয় কুমার সরকার, ডাঃ গোলাম মোর্ত্তজা, পুরষ্কারপ্রাপ্ত তিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, কেশবপুরের ডাঃ মোঃ আলমগীর, অভয়নগরের এসএম মাহাবুবুর রহমান রিজভী ও মণিরামপুরের ডাঃ শুভ্রা দেবনাথ বক্তব্য রাখেন।

ভাগ