কালীগঞ্জে পূজামণ্ডপে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের কাছ থেকে ঘুষ আদায়

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন দুর্গাপূজায় পূজামন্ডপে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের কাছ থেকে ৩শ’ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া আনসার সদস্যদের প্রশিণের সার্টিফিকেট জালিয়াতি, টাকার মাধ্যমে ডিউটি প্রদান ও নারীদের আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে। সরকারি নির্দেশনা না থাকলেও অফিসের প্রয়োজনে এ টাকা নেয়া হচ্ছে বলে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান লিটন। কালীগঞ্জে এবার ৮৪টি পূজামন্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি মন্ডপে ৬ জন করে নারী-পুরুষ সদস্য নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
অনুসন্ধানে জানা গেছে, আসন্ন দুর্গাপূজায় ৮৪টি পূজামন্ডপে ডিউটি দেয়ার নাম করে আনসার সদস্যদের কাছ থেকে মাথাপিছু ৩’শ টাকা করে আদায় করা হচ্ছে। প্রশিণের সার্টিফিকেট জালিয়াতি করে নারী সদস্যদের বিভিন্ন ওয়ার্ডের দলনেত্রী বানানো হয়েছে। এছাড়াও ইউনিয়নে বাড়ি থাকা সত্ত্বেও পৌরসভার ওয়ার্ড দলনেত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আনসার-ভিডিপি অফিস কালীগঞ্জ নামে একটি ফেসবুক আইডি খুলে ম্যাসেঞ্জারে নারী সদস্যদের বিভিন্ন আপত্তিকর প্রস্তাব দেন কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান। ওই আইডি তিনি নিজেই পরিচালনা করেন বলে এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন। নিজ অফিসেই এক ওয়ার্ডের দলনেত্রীকে জড়িয়ে ধরে তোলা একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সূত্র মতে, এলাকার বাসিন্দারা নিজ নিজ ইউনিয়ন অথবা ওয়ার্ডেও দলনেত্রী হতে পারবেন। কিন্তু এেেত্র কোনো নির্দেশনাই মানা হয়নি। রাবেয়া খাতুন নামে এক নারী আনসার সদস্যের বাড়ি উপজেলার রাখালগাছি ইউনিয়নে। অথচ তাকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দলনেত্রী বানানো হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চম্পা খাতুনকে শ্রীরামপুর এলাকার দলনেত্রী, বলিদাপাড়া এলাকার সাবিনা ইয়াসমিনকে আড়পাড়া এলাকার দলনেত্রী বানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ওয়ার্ড দলনেত্রী জানান, ‘আনসার-ভিডিপি অফিস কালীগঞ্জ এই আইডি আসাদুর স্যার নিজেই পরিচালনা করেন। বিভিন্ন সময় তিনি কুপ্রস্তাব দেন। উপায় না পেয়ে আপনাদের কাছে এসেছি। তার প্রস্তাবে রাজি না হলে আনসারে থাকা হবে না। এছাড়াও পূজার ডিউটি পেতে ৩শ’ করে টাকা দিতে হচ্ছে।’ এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ‘অফিসের প্রয়োজনে মাথাপিছু ৩শ’ টাকা করে নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনা নেই, প্রয়োজনে নেয়া হচ্ছে।’ নারীদের কুপ্রস্তাব দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আনসার-ভিডিপি অফিস কালীগঞ্জ নামে একটি ফেসবুক আইডি আমি নিজেই চালাই। কারও সাথে আমার জড়িয়ে ধরে কোনো ছবি নেই।’ আনসার ও ভিডিপির ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা বলেন, ‘ডিউটি নিতে টাকা দিতে হবে এমন কোনো নির্দেশনা নেই। যারা টাকা দিচ্ছেন বা নিচ্ছেন এটা তাদের ব্যাপার। টাকা নেয়ার ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’ তিনি বলেন, ‘এক এলাকার বাসিন্দা অন্য এলাকার দলনেত্রী বা দলনেতা হতে পারবেন না। আর কোনো দলনেত্রীর সাথে অনৈতিক প্রস্তাবের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

ভাগ