এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা)॥ খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় তার স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী চার বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে প্রসেনজিৎ গাইন, অনিমেষ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুটি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় প্রসেনজিতের ভাই সুদাশ গাইনকে খালাস দেওয়া হয়েছে রায়ে। রাষ্ট্রপরে আইনজীবী এনামুল হক জানান, আসামিদের মধ্যে অনিমেষ রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও প্রসেনজিৎ ও বিপ্লব পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৬ সালের ৭ অক্টোবর ডুমুরিয়ার বাদুড়গাছা গ্রামে টুম্পা মণ্ডলকে হত্যার পর তার লাশ ঘ্যাংরাইল নদীতে ফেলে দেওয়া হয়। দুদিন পর নদী থেকে পুলিশ টুম্পার লশ উদ্ধার করে। ওই ঘটনায় তার ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেরামত আলী ২০১৭ সালের ২৫ নভেম্বর টুম্পার স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বাদীপে ২৬ জনের স্যা শুনে চার আসামির মধ্যে তিনজনকে দোষী সাব্যস্ত করে সোমবার রায় দিল আদালত।





