স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেস কাব যশোরে আয়োজিত এ সভায় প্রার্থী নূরজাহান ইসলাম নীরা বলেন, নির্বাচিত হলে যশোর সদরকে আমি একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নীরা বলেন, আগামী ২০ অক্টোবর শূন্য পদে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী নৌকার পে ক্যাম্পেইন করছেন। সাংবাদিকরাও আমার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দুপুরে প্রেস কাব যশোরে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আলী রায়হান, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আলহাজ ফিরোজ খান, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীসহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রতিপক্ষ বিএনপি কেবল নালিশ জানায়, তাদের ভোট দিতে দেওয়া হয় না। প্রকৃতপক্ষে তারা ভোটের মাঠেই থাকে না। আওয়ামী লীগ নেতারা বলেন, নৌকা প্রতীকের পে নির্বাচনের ব্যাপারে জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে নীরাকে বিজয়ী করতে কাজ করছেন। আওয়ামী লীগের সবাই এক হয়ে নীরাকে বিজয়ী করবে বলে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে একমত হয়েছেন। নির্বাচনী পোস্টারে নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে আচরণবিধি লংঘনের মাধ্যমে একাধিক শীর্ষ নেতার ছবি ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, এটি আমাদের অতি উৎসাহী নেতা-কর্মীরা না বুঝে করে ফেলেছেন। যে বিষয়ে আমরা নির্বাচন কর্মকর্তাদের কাছেও ব্যাখা দিয়েছি। সেসব পোস্টার আমরা প্রত্যাহার করে নিয়েছি। উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে সংসদ নির্বাচনে (যশোর-৬ আসন) অংশ নেন। এ কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।





