লোকসমাজ ডেস্ক॥ উয়েফা নেশনস লিগে লড়াইটা ছিল ইউরোপ চ্যাম্পিয়ন বনাম বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকেই ছাড় দিলো না শেষ পর্যন্ত। ফলে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি হয়েছে গোল শূন্য ড্র। ২০১৬ সালের ইউরোর ফাইনালে এ দুটি দলই মুখোমুখি হয়েছিল ফাইনালে। নির্ধারিত সময়েও দল দুটি ছিল সমানে সমান। ফ্রান্সের কপাল পুড়েছে অতিরিক্ত সময়েই। গতকাল যেন সেই ম্যাচেরই মঞ্চায়ন হয়ে গেলো নেশনস লিগে। প্রথমার্ধে দুটি দলই সুযোগ তৈরি করেছিল। কিন্তু লক্ষ্য বরাবার শট নিতে পেরেছিল মাত্র একটি! আন্তোয়ান গ্রিজমানের তেমনই একটি শট গিয়ে বাধা পায় গোলকিপার রুই প্যাত্রিসিওর হাতে। যোগ করা সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোও একই রকম গোলের কাছে চলে এসেছিলেন। কিন্তু তার বাম পায়ের দিক পরিবর্তন করা শট সেভ করে দেন ফরাসি গোলকিপার উগো লরি।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে মনে হচ্ছিল পর্তুগাল বোধহয় গোলের দেখা পেয়েই গেলো। ফ্রি কিক থেকে হেড করেছিলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তা। তাদের মতো গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে পোল্যান্ড-ইতালি। ম্যাচের বেশির ভাগ সময় ৬০ শতাংশ বল দখলে এগিয়ে থেকেও স্কোর লাইনে হেরফের করতে পারেনি রবের্তো মানচিনির দল। বরং তাদের হতাশায় ভুগিয়েছে শুরুর দিকে ফেডেরিকো চিয়েসা সুবর্ণ সুযোগটি মিস করায়। বাকিটা সময় আর সুযোগই তৈরি করতে পারেনি ইতালি। অবশ্য জয়ের দেখা না পেলেও ১৮ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রেখেছে আজ্জুরিরা। ‘এ’ লিগের গ্রুপ ওয়ানে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই আছে। নেদারল্যান্ডস ও পোল্যান্ড দুটি দলেরেই সমান ৪ পয়েন্ট। তবে ড্র করলেও ইতালি কোচ মানচিনি একটি দিক দেখে খুব সন্তুষ্ট। স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শকের সামনে খেলেছে দুই দল। করোনাকালে যেখানে ইতালির অবস্থা ছিল খুবই করুণ, সেখানে এমন দৃশ্য তৃপ্তিদায়কই বটে।





