অ্যাওয়ার্ড পাওয়ায় সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ যশোর সিভিল সার্জন অফিস ও যশোর মেডিকেল কলেজ হাসপাতাল (২৫০ শয্যা হাসপাতাল) সহ ৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠান হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-১৯ পুরষ্কার লাভ করায় মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএমএ) যশোর জেলা শাখার পক্ষ থেকে সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে সংবর্ধনা দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় দেশসেরা পুরষ্কার হিসেবে খুলনা বিভাগ “হেলথ মিনিস্টারস অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করে। ১১টি পুরষ্কারের ভেতর ৫টি পেয়েছে যশোর সিভিল সার্জন অফিস, যশোর মেডিকেল কলেজ (২৫০ শয্যা হাসপাতাল), মণিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ এসব প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে এ অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় বিএমএ যশোর গতকাল সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন ও হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়কে সংবর্ধনা প্রদান করে। এ উপলক্ষে হাসপাতালের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ডাঃ একেএম ডাঃ কামরুল ইসলাম বেনু বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ এমএ বাশারসহ নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে ফুলের তোড়া উপহার দেন। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ মাহমুদুল হাসান পান্নু, ডাঃ গোলাম মোর্তজাসহ বিএমএ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আজ সোমবার বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন অফিস ও হাসপাতালের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভাগ