রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর শুরু হচ্ছে। ২৬ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই পূজার আনুষ্ঠানিকতা। যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতীমা তৈরি শেষে এখন রংয়ের কাজে ব্যস্ত শিল্পীরা। সূত্র মতে, এ বছর মনিরামপুর পৌরসভাসহ উপজেলার ১৮টি ইউনিয়নে ৯৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ৯৫টি মন্দিরে হয়েছিল হয়েছিল দুর্গাপূজা। মন্দিরগুলোতে প্রতীমা তৈরির কাজ শেষ। এখন রংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মন্দির কমিটির নেতা সুকেশ দাস জানান, ঝাঁপা ইউনিয়নের কোমলপুর জেলে পাড়ায় দুটি, ঝাঁপা পাটনি পাড়ায় একটি ও মশ্বিমনগর ইউনিয়নের রাজবাড়ী জেলেপাড়ায় একটি মন্দির রয়েছে। তিনি এ মন্দিরগুলোতে নিয়মিত পর্যবেণ করছেন। মনিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুনিল ঘোষ জানান, গত বছর উপজেলার বিভিন্ন গ্রামে ৯৫টি মন্দিরে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হয়েছিল। কিন্তু এ বছর চালুয়াহাটি ইউনিয়নে মোবারকপুর গ্রামের বাবু পাড়া ও ঘোষ পাড়ায় স্থায়ী মন্দির না থাকায় এই দুটি স্থানে এবার পূজা হচ্ছে না। এ জন্য এবার ৯৩টি স্থায়ী মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মন্দিরগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।





