মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় দুর্বৃত্তদের হামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী ও মানবাধিকার কর্মী শিউলী ইয়াসমিন (৪৫) আহতের ঘটনায় মামলা রেকর্ড এমনকি কাউকে আটক করা হয়নি। মোংলা থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, মোংলায় নানা অপরাধমূলক কর্মকান্ডের বিরোধিতা করায় একটি মহল শিউলী ইয়াসমিনের ওপর দীর্ঘদিন ধরে নাখোশ এবং তাকে ঘায়েল করতে নানা চক্রান্তে লিপ্ত হয়। তিনি জীবননাশের হুমকির মুখে গত তিন মাস আগে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেন। এতে ওই মহলটি ক্ষদ্ধ হয়ে ওঠে। গত শুক্রবার দুপুরে শিউলী ইয়াসমিন বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামীলীগ কার্যালয়ে এক সভায় যোগদানের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত তার গতিরোধ এবং গালিগালাজ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে শিউলী ইয়াসমিনের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরসহ প্রকাশ্য রাস্তার ওপর বিবস্ত্র ও শ্লীলতাহানি ঘটানো হয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার শিউলী ইয়াসমিন মোংলার ৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন এবং পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কর্মী হিসেবে কাজ করছেন। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে মো. সোহেল, মো. হুমায়ন ও জাকির মোল্লাকে তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় ওই তিনজনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় এখনো মামলা রেকর্ড বা কোন আসামি আটক হয়নি। তবে মোংলা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তারা হামলার অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।





