কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়শিমলা গ্রামে ২৩ শতক জমির ধরন্ত লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা নূর ইসলামের ক্ষেতের ওই লাউগাছ কেটে সাবাড় করে দেয়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগী নূর ইসলাম জানান, তিনি একজন বর্গাচাষি। রাতে কে বা কারা তার জমির লাউগাছগুলো কেটে দিয়েছে। তিনি বলেন, গ্রামে কারো সাথে তার কোন বিরোধ নেই। কালীগঞ্জ থানা পুলিশের ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





