মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে তিনদিন ধরে অবরুদ্ধ গৃহবধূকে দুই সন্তানসহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সংবাদকর্মীদের খবরের ভিত্তিতে তাদের উদ্ধার করে মহেশপুর থানার পুলিশ। নির্যাতিত গৃহবধূ ফাতেমা জান্নাত ওই গ্রামের লিটন মুন্সির তৃতীয় স্ত্রী।
উদ্ধারের পর ফাতেমা জান্নাত অভিযোগ করেন, স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় স্বামী ও তার পরিবারের লোকজন তাকে বাড়ির ভেতর তালা লাগিয়ে পালিয়ে গেছে। খাবার নেই, পানি নেই। দু’সন্তান নিয়ে খুব কষ্টে রয়েছেন। তিনি বলেন, ১০ বছর আগে রাজধানী ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন ওরফে লিটন মুন্সির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়ি থেকে ৬ লাখ টাকা যৌতুক এনে দিয়েছেন। বিয়ের পর দুটি ছেলে সন্তান হয়েছে। সন্তান জন্মের পর লিটন মুন্সি সৌদি আরবে চলে যান। সম্প্রতি বাড়িতে ফিরে এসে আবারো যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তাকে তালাকের জন্য নোটিশ পাঠান। এ অবস্থায় সন্তানদের নিয়ে বিপাকে পড়েন ফাতেমা জান্নাত। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতা চাইলেও তারা কোন সুরাহা করতে পারেননি। উপায় না পেয়ে ঝিনাইদহের আদালতে যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করেন। মামলা দায়েরের পর স্বামী লিটন মুন্সি তাদেরকে বাড়িতে আটকে রেখে একাধিক তালা ঝুলিয়ে পালিয়ে যান। এই ব্যাপারে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘মেয়েটি আসলেই অসহায়। আমি তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভিকটিম ফাতেমা জান্নাতকে আইনের আশ্রয় নিতে বলেছি।’ এ ব্যাপারে মহেশপুর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, ‘অবরুদ্ধের খবর পেয়ে গৃহবধূকে সন্তানসহ উদ্ধার করা হয়েছে। তাকে সব ধরণের আইনগত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’





