নওয়াপাড়ায় তিন সাংবাদিকের উপর হামলা :আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ নওয়াপাড়ায় তিন সাংবাদিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. বদরুজ্জামান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি তহীদ মনি, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ নওয়াপাড়ার প্রায় ১০/১২ জন সাংবাদিক।
সংবাদ সম্মেলনে সাংবাদিক বদরুজ্জামান বলেন, নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট অবৈধভাবে দখলের বিরুদ্ধে যশোরের দুটি পত্রিকায় সংবাদ প্রকাশ করার জের ধরে গত ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে নওয়াপাড়ার সন্ত্রাসী ফারুক, মিঠু শেখসহ ৮/১০ জন সশস্ত্র সন্ত্রাসী তার উপর হামলা করে। এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তার সহকর্মী কাজী মোস্তাক আহমেদ, দবির উদ্দিন মোল্যা ও শেখ মো. আবুল বাসারকে বেড়ধক মারপিট ও তার পত্রিকা অফিস ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় তার সহকর্মী কাজী মোস্তাক আহমেদ বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯/২০২০, তারিখ- ০৮/১০/২০২০। তিনি জানান, এছাড়া এদের বিরুদ্ধে যশোর আদালতে চাঁদাবাজি মামলা রয়েছে। যার সি.আর নং- ৫৫/২০২০, অভয়নগর থানায় সাধারণ ডায়েরি রয়েছে, যার নং -৩৭০/২০২০। সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব মামলা এবং একাধিক অপরাধের অভিযোগ থাকার পরেও পুলিশ আসামিদের না ধরে উস্কানি দিচ্ছে এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরামর্শ দিচ্ছে। যার ফলে তিনি এবং তার সহকর্মী সাংবাদিক নওয়াপাড়া শহরের চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে টিকতে পারছেন না। এসব বিষয়ে স্থানীয় থানা পুলিশকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এদিকে গত ৯ অক্টোবর নওয়াপাড়া প্রেস কাবে এই হামলা মামলার আসামিরা নওয়াপাড়ার একজন হলুদ সাংবাদিকের সহায়তায় তাকে তথাকথিত সাংবাদিক আখ্যা দিয়ে একটি মনগড়া, মিথ্যা সংবাদ সম্মেলন করেন। প্রেস কাব যশোরে সংবাদ সম্মেলন থেকে তিনি ওই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি প্রশাসন, প্রেস কাব যশোর নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন।

ভাগ