কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন জমে উঠেছে। আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে আ’লীগের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী লড়াই হবে দ্বিমুখী বলে সরেজমিনে জানা যায়। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন-আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের স.ম মোরশেদ আলী ও দুই বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার ও আনারস প্রতীকের নেছার আলী।
স.ম মোরশেদ আলী এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তার মূল প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ সরদার ওই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সহোদর ভাই। অবশ্য ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক পরিমন্ডলে কার্যত তিনি নতুন মুখ। তার েেত্র প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের ইমেজ একটা বড় ফ্যাক্টর বলে মনে করেন তাঁর সমর্থকেরা। আর নেছার আলী প্রার্থী হিসেবে নতুন। গত রোববার, ৪ অক্টোবর এই চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ২০ অক্টোবর এই উপ-নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৭৬১ ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। নৌকার প্রার্থী স.ম মোরশেদ আলী জানান, তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। জনগণ তার দ্বারা কোন হয়রানির শিকার হয়নি। তাছাড়া জননেত্রী শেখ হাসিনা আমার নৌকা প্রতীক দিয়েছেন। তাই জনগণ তাকে সমর্থন দেবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ সরদার বলেন, অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি অবশ্যই জয়লাভ করতে পারবেন। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার কারণ জানতে চাইলে,উপজেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী মার্চ মাস থেকে সারা দেশে ইউপি নির্বাচন শুরু হবে। তিন মাস পরে ওই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বিধায় এই কয়েক মাসের জন্য বিএনপি এ উপনির্বাচনে অংশ গ্রহণ করেনি।




