পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ইসলামী ডিপিএস গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের ফিল্ড ম্যানেজার ও তার মায়ের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলার বাইনচাপড়া গ্রামের নিবৃত ঢালী গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের স্থানীয় ফিল্ড ম্যানেজার। ২০০৬ সালে তিনি ১৬ জন গ্রাহক সংগ্রহ করেন। তিনি ১০ বছর মেয়াদে কিস্তি আদায় করেন তার মা দুলালী হালদারকে দিয়ে। তবে টাকা নেওয়ার সময় রশিদে দুলালী তার ছেলে নিবৃতের নাম স্বাক্ষর করতেন। ১০ বছর পর ডিপিএসের টাকা উঠানোর কথা বললে মা ও ছেলে সবার কাছ থেকে বীমা বই ও রশিদ নিয়ে নেন। এরপর টাকা দেয়ার ব্যাপারে কোন কথা না বলে চুপচাপ থাকেন । এর মধ্যে আরও ৪ বছর চলে যাওয়ার উপক্রম। কিন্তু তারা টাকা না দেওয়ায় সদস্যরা প্রতিষ্ঠানের জেলা অফিসে খোঁজ নেন এবং জানতে পারেন সদস্যপ্রতি সামান্য কিছু টাকা জমা হয়েছে। বাকী টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানতে তাদের বাড়িতে গেলে তারা গ্রাহকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারপিট করতে উদ্যত হন। ফলে কোন উপায় না পেয়ে তারা ম্যানেজার নিবৃত ঢালী ও তার মা দুলালীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সদস্য অলোকেশ ঢালী জানান, ১৬ জন সদস্যের কাছ থেকে তারা ১ লাখ ৪৬ হাজার, ৪’শ টাকা আত্মসাৎ করেছেন।




