মাগুরা সংবাদদাতা॥ মাগুরার শ্রীপুর উপজেলায় আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীর সেতু প্রাঙণে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আন্ত ইউনিয়ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৩টি নৌকা অংশ নেয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। শ্রীপুর ও কামারখালী এলাকায় দু’পাড়ের হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করে।
প্রতিযোগিতায় গায়েশপুর ইউনিয়নের লালান শাহ্ নৌকা প্রথম, দ্বিতীয় হয়েছে ফরিদপুরের কামারখালী ইউনিয়নের আতিকের নৌকা এবং মাগুরা সদরের কছুন্দী ইউনিয়নের হিরার নৌকা তৃতীয় হয়েছে। সন্ধ্যায় বিজয়ীরে মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক হুমাউনুর রশিদ মুহিত সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।





