রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোংলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী, রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, মাষ্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে গত ২২ জুলাইয়ে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মো. জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ওই কর্মকর্তার কাছে হুমায়ুন কবির টাকা ফেরত চান । এ নিয়ে তিনি স্বাীসহ দেনদরবার করেও কোন সুরাহা করতে পারেননি। অভিযোগের বিষয়ে মো. জসীম উদ্দিনের কাছে তার ব্যবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীকে তিনি চেনেন না। এ ব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি জানান, যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত তাই, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের ঊর্ধতন কর্তৃপ বরাবর আবেদন করতে বলেছেন ।





