খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকসহ দুজন। শুক্রবার সকাল ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের শাহজাহান মোল্লার ছেলে আমির হোসেন (২৪)। আহত ড্রাইভার পালিয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি। অন্যজন সাতক্ষীরা সদরের গরকুমারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই (সাতক্ষীরা-ন-১১-০১৩২) ট্রাক মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়। এ সময় হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক ও ট্রাকের ভেতরে থাকা ডায়নামিক কনজুমার অ্যান্ড কেমিক্যাল কোম্পানির এক প্রতিনিধি। এলাকাবাসী তাদের উদ্ধার করে খাজুরায় কিনিকে চিকিৎসার জন্য পাঠালে চালক সুযোগ বুঝে পালিয়ে যান। সাতক্ষীরাগামী এ ট্রাকটিতে ওই কোম্পানির সাবান ও ডিটারজেন্ট পাউডার বোঝাই ছিল। খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, ‘উল্টে যাওয়া ট্রাক ও মালামালের নিচে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলেই মারা যান। ট্রাকসহ মালামাল পুলিশ হেফাজতে রয়েছে।





