পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় আলাদা ঘটনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু ও এক মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সুরত হাল রিপোর্ট শেষে যুবককে পরিবারের কাছে হস্তান্তর ও মহিলার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে কৃষ্ণনগরের অশোক সরকারের ছেলে আকাশ সরকার (১৮) দেলুটি মামা বিভূতি রায়ের বাড়িতে বেড়াতে যান। মাঠে খেলা দেখে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী পুকুরে পড়ে মারা যান বলে তার মামা জানিয়েছেন। অপরদিকে, গোপালপুর গ্রামের আমজাদ দফাদারের স্ত্রী ফিরোজা বেগম (৪৫) শুক্রবার সকালে বাড়ির পাশে একটি গাছে পরনের কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।





