ধানক্ষেতে স্কুলছাত্রের মরদেহ

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় ধানক্ষেত থেকে হৃদয় মণ্ডল নামে (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় মণ্ডল ওই গ্রামের বিজয় মণ্ডলের ছেলে ও ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু হৃদয় মণ্ডল। হঠাৎ সেখান থেকে নিখোঁজ হয় সে। এরপর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখে বাড়িতে খবর দেয়। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ভাগ