মৃত্যু ঝুঁকি কমাতে কার্যকর রেমডেসিভির

লোকসমাজ ডেস্ক॥ কোভিড-নাইন্টিনে আক্রান্ত রোগীর সুস্থতায় রেমডেসিভির ব্যাপকভাবে কার্যকর বলে জানিয়েছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশন। বিশ্বজুড়ে রেমডেসিভির প্রয়োগের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। এতে জানা গেছে, এই এন্টিভাইরাল প্রয়োগের ফলে কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগী তুলনামূলকভাবে ৫ দিন পূর্বে সুস্থ হয়ে ওঠে। বৃহসপতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ করে গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশনের গবেষকরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব রোগীর অবস্থা কিছুটা গুরুতর তাদের সুস্থ করতেও ব্যাপকভাবে কার্যকরী রেমডেসিভির। অক্সিজেন দিতে হয়েছে এমন ১০৬২ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে জানা যায়, রেমডেসিভির প্রয়োগের পর তারা অন্যান্য চিকিৎসার তুলনায় অন্তত ৭ দিন পূর্বে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। গত মে মাসে কোভিডে আক্রান্ত রোগীর ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে একটি গবেষণা চালিয়েছিল গিলিয়াড। সর্বশেষ পরীক্ষায় কোম্পানিটি ২৯ দিনের চিকিৎসার তথ্য বিশ্লেষণ করে। দু’টো ডাটার সমন্বয় ঘটিয়েই তারা রেমডেসিভিরের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোভিড শনাক্ত হয়। এরপর তাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে রেমডেসিভির দেয়া হয়। কোভিড-নাইন্টিনের বিরুদ্ধে ব্যবহৃত প্রথম ওষুধ হিসেবে পরিচিত রেমডেসিভির। বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দেয়ার কয়েক মাসের মধ্যেই বেশ কয়েকটি দেশে এটির ব্যবহার শুরু হয়। মে মাসের প্রথমদিনেই এই ওষুধের অনুমোদন দেয় মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন। এরপর অনেক দেশেই এটিকে অনুমোদন দেয়া হয়েছে। গিলিয়াডের সার্বিক গবেষণার ফলাফল অনুযায়ী, রেমডেসিভির ব্যবহারে কোভিড আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি কমতে পারে। তবে এ দাবির পক্ষে কোমপানিটি যে পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করেছে তাতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য দেখা যায়নি। যদিও অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব রোগীকে অক্সিজেন দেয়া লাগে তাদের মধ্যে রেমডেসিভির প্রয়োগে মৃত্যুর হার ৭২ শতাংশ কমে এসেছে। ২৯ দিন ধরে চিকিৎসা দেয়া হলে এ হার কমে ৭০ শতাংশে নেমে আসে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সংক্রামক রোগবিশেষজ্ঞ আন্দ্রে কালি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে তিনি জানান, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা অনুযায়ী, অন্য ওষুধের তুলনায় রেমডেসিভির গুরুতর আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি ব্যাপকভাবে কমাতে পারে। এদিকে, রেমডেসিভির কার্যকরী প্রমাণ হওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই ওষুধ কিনতে মরিয়া হয়ে উঠেছে। গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশন জানিয়েছে, বৃহসপতিবার তাদের ওষুধের ৫ লাখ ডোজ অর্ডার করা হয়েছে ইউরোপ থেকে। এ নিয়ে কোমপানিটির সঙ্গে একটি চুক্তি করেছে দেশগুলো। চুক্তির অধীনে আগামী ৬ মাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ মোট ৩৭টি দেশে রেমডেসিভির সরবরাহ করবে গিলিয়াড সায়েন্সেস ইনকরপোরেশন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশ ছাড়াও অন্য দেশগুলো হলো, বৃটেন, বলকান অঞ্চলের ৬ রাষ্ট্র এবং ইউরোপীয় ইকোনমিক এরিয়ার অন্তর্ভুক্ত আইসল্যান্ড, লিচটেনস্টেইন এবং নরওয়ে।

ভাগ