লোকসমাজ ডেস্ক॥ আশনা হাবিব ভাবনা মানেই নতুন কিছু। বরাবরই পর্দায় তার চরিত্রে থাকে ভিন্নতা। দর্শকও সেটি দারুণভাবে লুফে নেন। তারই ধারাবাহিকতায় আবারো দেখা গেল অন্য এক ভাবনাকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তার অভিনীত শর্টফিল্ম ‘মুখ আসমান’। এতে তিনি অভিনয় করেছেন একজন সংগ্রামী চিকিৎসকের চরিত্রে। এটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এর শুটিংয়ের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুখে মাস্কের দাগ পড়ে যাওয়া কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন ভাবনা।
সেই সময় ছবিগুলো সোস্যাল মিডিয়ায় বেশ আলোচনায় আসে। চরিত্রের প্রয়োজনে তিনি এমন দাগ ফেলেন বলে জানান। ভাবনা বলেন, এই ধরনের চরিত্রে কাজ করার জন্য কোনো ছাড় দিতে চাই না। একটি চরিত্র যেন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয় সেই চেষ্টার কোনো ত্রুটি আমি রাখি না। এভাবেই আমার প্রতিটি চরিত্রের মধ্যে আমি বাস করি। এদিকে এই অভিনেত্রী এখন ব্যস্ত সময় পার করছেন ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে ভাবনা অভিনয় করছেন পদ্ম নামের একটি চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন নুরুল আলম আতিক। এর আগে এই অভিনেত্রীকে দেখা গেছে অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ শিরোনামের একটি চলচ্চিত্রে।





