লোকসমাজ ডেস্ক॥ চলতি বছর বেশ কঠিন সময় পার করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মাস কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায় এক মাস বিরতিতে ছিলেন এ কারণে। এরপর করোনামুক্ত হয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সম্প্রতি নতুন করে আরেকটি শারীরিক অসুস্থতায় পড়েছেন। গত কিছুদিন ধরে তিনি টনসিলের ইনফেকশনে ভুগছেন। ইতিমধ্যে তিনি চিকিৎসকের শরণাপন্নও হয়েছেন। ববি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি।
শুটিংয়ে ফেরার কথা থাকলেও আরো এক মাস সময় নিতে চাই। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির এ নায়িকা বলেন, একের পর এক শারীরিক জটিলতায় ভুগছি। এখন থেকে আরো সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সামনের দিনগুলোতে রুটিন মাফিক চলে শারীরিক-ভাবে পুরোপুরি ফিট হতে চাই। নতুন কিছু সিনেমার কথা চলছে উল্লেখ করে ববি বলেন, কয়েকজন পরিচালকের সঙ্গেই কথা হয়েছে। ভালো কিছু ছবির প্রস্তাব রয়েছে। তাছাড়া আগের সিনেমার কাজও বাকি আছে। শিগগিরই সেগুলোর কাজ শুরু হবে। তাই ছোটখাটো যেই সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠতে হবে। না হলে ঝামেলা হয়ে যাবে। এদিকে, ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটিও করোনা পরিস্থিতি ঠিক হলে মুক্তি পাবে। এ ছবিতে তার নায়ক সংগীতশিল্পী এসডি রুবেল।




