সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে ৮%

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের বার্ষিক মুনাফা ৮ শতাংশ বেড়েছে। সর্বশেষ সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৫২ কোটি টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৫১০ কোটি টাকা।
গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সামিট পাওয়ার ২০১৯-২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল সামিট পাওয়ার। ফলে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড নির্ধারণ করা হয়েছে এ বছরের ১৫ নভেম্বর। ডিজিটাল প্লাটফর্মে এ বছরের ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সামিট পাওয়ার। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সামিট পাওয়ার। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ১৮ মাসে সমাপ্ত সে হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ৫ টাকা ৭৫ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে, সামিট পাওয়ারের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক হালনাগাদ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬৩ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২১ দশমিক ৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩ দশমিক ৬৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সামিট পাওয়ার শেয়ারের সর্বশেষ দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা। সমাপনী দর ছিল ৪০ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩২ টাকা ৫০ পয়সা থেকে ৪৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।

ভাগ