রাজধানীতে ফ্লাট বিক্রির নামে প্রতারণা:১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরে মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার গুলশান বারিধারায় ফ্যাট বিক্রির নামে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বুধবার রাতে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। গুলশানের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেছেন যশোর সদরের পাওয়ার হাউসপাড়ার মসজিদ গলির হেদায়েতুল ইসলামের ছেলে রিজ হক। ওই মামলার আসামিরা হচ্ছেন-ঢাকার গুলশান-১ এর ৮ নম্বর রোডের মৃত সৈয়দ হোসেন আলীর ছেলে সৈয়দ তৌফিক হোসেন আলী (৫৮) ও সৈয়দ আলতাফ হোসেন আলীর ছেলে সৈয়দ আজওয়াদ হোসেন আলী (২৮)। রিজ হকের অভিযোগ, আসামি সৈয়দ আজওয়াদ হোসেন আলী তার বন্ধুর পরিচিত। সেই সুবাদে আসামির সাথে তার পরিচয় হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই আসামি তার কাছে ফ্যাট বিক্রির প্রস্তাব দেন। এ সময় তাকে জানানো হয়, ওই ফ্যাটটি অপর আসামি সৈয়দ তৌফিক হোসেন আলীর মালিকানাধীন। এরপর সৈয়দ তৌফিক হোসেন আলীর সাথে তার পরিচয় করিয়ে দেয়া হয়। এ ঘটনার পর ১০ জানুয়ারি আসামিরা তাকে ঢাকার গুলশান বারিধারার কালাচান্দপুরে প্রস্তাবিত ফ্যাটটি দেখানোর জন্য সেখানে নিয়ে যান। পরে দু’পক্ষের মধ্যে আলোচনা শেষে ফ্যাটটির মূল্য ৬০ লাখ টাকা নির্ধারিত হয়। শর্ত থাকে যে, প্রথমে ডাউন পেমেন্ট স্বরুপ আসামিদের ১০ লাখ টাকা দিতে হবে। এরপর ৬ মাসের মধ্যে আরও ২০ লাখ টাকা দিলে তারা ৩০ লাখ টাকা বাকিতে রেখে ফ্যাটটি রেজিস্ট্রি করে দিবেন। এর প্রেক্ষিতে ২১ জানুয়ারি যশোরের আর এন রোড শাখা ঢাকা ব্যাংকের মাধ্যমে আসামি সৈয়দ তৌফিক হোসেন আলী পরিচালিত ‘আলী প্রপার্টিজ লিমিটেড’ এর অ্যাকাউন্টে ১০ লাখ টাকা প্রদান করেন। এই টাকা দেওয়ার পর তিনি তাদেরকে শর্ত মোতাবেক আরও ২০ লাখ টাকা নিয়ে ফ্যাটটি রেজিস্ট্রি করে দিতে বলেন। কিন্তু তারা রেজিস্ট্রি করে দিতে তালবাহনা করতে থাকলে রিজ হক খোঁজ নিয়ে জানতে পারেন যে, তাকে দেখানো প্রস্তাবিত ফ্যাটের মালিক সৈয়দ তৌফিক হোসেন আলী নন। উল্লিখিত দুই আসামি ফ্যাট বিক্রির নামে তার সাথে প্রতারণা করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভাগ