চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ভারত সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের ওয়াজেল হোসেন (৬৫) এর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। এসময় দু’দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সকাল দশটার দিকে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যান ওয়াজেল হোসেন। এরপর নদীর ¯্রােতে লাশ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে তাদের মর্গে পাঠায়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে লাশ ফেরত আনা সম্ভব হয়েছে।




