নওয়াপাড়ায় তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জেডিইউজে’র নিন্দা ও প্রতিবাদ

নওয়াপাড়ায় ঘাট দখলের সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা মো. বদরুজ্জামানসহ তিন সাংবাদিককে বেধড়ক মারধর করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা বদরুজ্জামানের অফিসও ভাঙচুর করে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিন সাংবাদিকের মধ্যে বদরুজ্জামান ও দবির উদ্দীন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। গুরুতর আহত মোস্তাক আহমেদকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার যশোরের একটি পত্রিকায় নওয়াপাড়ায় ঘাট দখল নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে সন্ত্রাসী ফারুক গ্যাং এ হামলা করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সহ-সভাপতি মো. বদরুজ্জামানসহ তিন সাংবাদিকের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ভাগ