খেলার খবর

পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্ব একাদশ-এশিয়া একাদশ ম্যাচ
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপে মুজিব জন্মশতবর্ষের অনেক রাষ্ট্রীয় আয়োজন সংপ্তি করতে হয়েছে, বেশ কটিই গেছে ভেস্তে। ক্রিকেটেও স্থগিত হয়ে গেছে বিশ্ব একাদশ ও অবশিষ্ট এশিয়া একাদশের টি-টোয়েন্টি সিরিজ। তবে বিসিবির পরিকল্পনায় এখনও ভালোমতোই আছে এই সিরিজ আয়োজনের ভাবনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলে গত ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু কোভিড-১৯ রোগের কারণে পিছিয়ে যায় সব কিছু। দেশে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ ছিল লম্বা সময় ধরে।
সম্প্রতি দেশে ক্রিকেট কার্যক্রম আবার স্বাভাবিক করার চেষ্টা করছে বিসিবি। জাতীয় দলের ক্যাম্প চলছে। নিজেদের মধ্যে দুটি দুই দিনের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। রোববার শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। এরপর আয়োজন করা হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপে দেশের মাটিতে সিরিজ আয়োজনের আশা করছে বিসিবি। সবকিছু স্বাভাবিক হতে শুরু করায় মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ দুটির ভাগ্য নিয়েও কৌতূহল জাগছে। বিসিসির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেটালেন সেই কৌতূহল। “এখনও এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে…মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে, আমরা কিন্তু সেটাকে এখনও একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের পরিকল্পনা সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার ভাবনা আছে।” স্থগিত হওয়ার আগে দুই দলের ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। বিশ্ব একাদশে খেলার কথা ছিল কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ফাফ দু প্লেসি, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, নিকোলাস পুরান, ব্রেন্ডন টেইলর, আদিল রশিদের মতো ক্রিকেটারদের। অবশিষ্ট এশিয়া একাদশে নাম ছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শিখর ধাওয়ান, রিশাব পান্ত, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা রশিদ খান, মোহাম্মদ শামিদের। এক ম্যাচ করে খেলার কথা ছিল লোকেশ রাহুল ও বিরাট কোহলির।

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল
স্পোর্টস ডেস্ক॥ ২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় স্পেন ও পর্তুগাল। এ বিষয়ে দুই দেশের ফেডারেশনের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বুধবার রাতে লিসবনে পর্তুগাল ও স্পেন অংশ নেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের আগেই দুই দেশের ফেডারেশন চুক্তি স্বার করে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। এর আগে ১৯৮২ বিশ্বকাপের আয়োজক হয়েছিল স্পেন। ২০১৮ বিশ্বকাপ পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু রাশিয়া পায় আয়োজক হওয়ার মর্যাদা। পর্তুগাল কখনো বিশ্বকাপের আয়োজক ছিল না। তবে ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল দেশটি। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী প্যারাগুয়ে ও চিলিও। আসরটির স্বাগতিক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালে। চূড়ান্ত হবে ২০২৪ সালে। বিশ্বকাপের আগামী আসর বসবে কাতারে, ২০২২ সালে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’
স্পোর্টস ডেস্ক॥ রবিবার শুরু হতে যাওয়া তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম করণ করা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল, হাই পারফরম্যান্স ইউনিট ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সদস্যদের থেকে নির্বাচিতরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। গত মঙ্গলবার তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে তিন দলের স্কোয়াড। এই আসরের মধ্য দিয়েই করোনা বিরতির পর দেশে প্রতিযোগিতা মূলক ক্রিকেট মাঠে ফিরবে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। ২৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচ। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
টুর্নামেন্টের সূচি:
১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর: ফাইনাল
# সব ম্যাচ দিবারাত্রির। প্রতিদিন খেলা শুরু হবে বেলা দেড়টায়।

নাইটদের কাছে হেরে ব্যাটসম্যানদের দুষলেন ধোনি
স্পোর্টস ডেস্ক॥ সাধ্যের মধ্যে ল্য পেয়েও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যাওয়ায় সতীর্থ ব্যাটসম্যানদের দায়ী করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১০ রানে হারে চেন্নাই। ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে থেমে যায় ধোনিদের ইনিংস। দলের ব্যর্থতার বিশ্লেষণ করতে গিয়ে ধোনি বলেন- “স্ট্রাইকের রোটেশন সব সময় গুরুত্বপূর্ণ। কখনো কখনো বলের গুরুত্ব বিচার করে টিকে থাকতে হয়। শেষ তিন ওভারে আমরা কার্যত কোনো বাউন্ডারিই হাঁকাতে পারিনি। ম্যাচে সব সময় অভিনবত্বের প্রমাণ দিতে হয়। যদি প্রতিপ ব্যাক অফ দ্য লেংথ বোলিং করে তাহলে অন্য উপায়ে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে হবে।” তুলনামূলক কম রানের মধ্যেই কেকেআরকে আটকাতে পারায় বোলারদের প্রশংসা করেছেন চেন্নাইয়ের দলনেতা- “শুরুতে আমরা বেশ কিছু রান খরচ করে ফেলেছি। করণ শর্মা তো দারুণ বোলিং করে গেল। ওদের ১৭০ এর কিছু কমে আটকে রেখে বোলাররা দারুণ পারফর্ম করেছে। দল হিসেবে এই টার্গেট আমাদের ছোঁয়া উচিত ছিল। তবে ব্যাটসম্যানরা বোলারদের পরিশ্রমে জল ঢেলে দিল।”

জার্মানিকে রুখে দিল তুরস্ক
স্পোর্টস ডেস্ক॥ রোমাঞ্চকর এক ম্যাচ। ছয় গোলের এই লড়াইয়ে জয় পেল না কোনো দলই। বার বার ঘুরে দাঁড়িয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে দুর্দান্ত ফুটবল খেলা তুরস্ক। বুধবার রাতে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্রয়ে শেষ হয়। তিন তিনবার এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। তাতে খেই হারায়নি তুরস্ক। তিনবারই দারুণভাবে সমতা ফিরিয়েছে অতিথি দল। এই নিয়ে টানা তিন ম্যাচে ড্র জয়হীন রইল জার্মানি। এর আগে উয়েফা নেশন্স লিগে গত দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র করতে হয় ইওয়াখিম লুভের দলকে। ম্যাচটিতে অবশ্য পূর্ণ শক্তির দল নামাতে পারেনি জার্মানি। বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের খেলোয়াড়দের পায়নি তারা। কাব দুটি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছে; অনেকে আবার চোটে ভুগছেন। নিজেদের মাঠে তুরস্কের এগিয়ে যেতে অনেকটা সময় অপো করতে হয় জার্মানিকে। সতীর্থ কাই হাভের্টসের পাসে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের গোলশূন্যতা ভাঙেন দলটির অধিনায়ক উইলিয়ান ড্রাক্সলার। বিরতি থেকে ফেরার পঞ্চম মিনিটের মধ্যেই সমতা ফেরায় তুরস্ক। কান আইহানের পাসে বল পেয়ে অসাধারণ প্রচেষ্টায় ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান মিডফিল্ডার ওজান তুফান। ম্যাচের ৫৮তম ফের এগিয়ে যায় স্বাগতিক দল। সতীর্থ হাভের্টসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জালে বল জড়ান ২৩ বছর বয়সী মিডফিল্ডার ফোরিয়ান নুহাস। এবারও সমতা ফেরাতে খুব সময় নেয়নি তুরস্ক। গোলপোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি মিডফিল্ডার এফিকান কারাকা। ৮১তম মিনিটে তৃতীয় গোলটি পায় জার্মানি। ডি-বক্সের মাঝামাঝি থেকে জালে বল জড়ান জিয়ান-লুকা ভালডসমিট। মনে করা হচ্ছিল এই গোলেই হয়তো জয়ের আনন্দে মাতবে জার্মানি। কিন্তু ধারণাটি ভুল প্রমাণিত করে তুরস্ক। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ এক গোল করে দলটিকে জয়তুল্য ড্র এনে দেন স্ট্রাইকার কিনান কারামান। এই নিয়ে টানা দুই ম্যাচে ড্র দেখল তুরস্ক। গত মাসে উয়েফা নেশন্স লিগে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি।

ভাগ