লোকসমাজ ডেস্ক॥ নতুন কোচের অধীনে এফসি বার্সেলোনায় পজিশন পরিবর্তন করে খেলতে দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলে স্ট্রাইকার হিসেবেই খেলবেন মেসি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড যেন ২০২২ সালে কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলতে পারেন, সেটি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ স্কালোনি। শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা আমাদের দেশের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করতে চাই। তবে অন্য কারণও আছে। আমরা চাই মেসি যেন সেখানে (কাতার) খেলতে পারে।’
কনমেবল থেকে ১০ দলের মধ্যে কেবল ৪টি পাবে সরাসরি কাতারের টিকিট। পঞ্চম দলটি খেলবে প্লে-অফ। গতবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আর্জেন্টিনাকে।
স্কালোনি বলেন, ‘লিও সব সময় স্ট্রাইকার হিসেবেই খেলবে। হোক সেটা ৯ নম্বর কিংবা অন্য পজিশনে। আমার মনে হয় না বার্সেলোনায় তার পজিশনে খুব হেরফের হয়েছে। সে এখনো সামনেই খেলছে।’ মেসির বার্সেলোনায় থেকে যাওয়াটাও ভালো সিদ্ধান্ত মনে করছেন স্কালোনি। তিনি বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি দেখলাম সে শান্ত। এখানে আসার পর আমাদের অনেক কথা হয়েছে। তার ক্লাবে এখন সে ভালোই আছে। আমাদের কাছে তার বার্সেলোনায় থেকে যাওয়াটা ইতিবাচক।’ ২০২২ সালে ৩৫-এ পা রাখবেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার ওটাই শেষ সুযোগ তার। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ আগামী মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে। এরপর আগামী মাসে ঘরের মাঠে প্যারাগুয়েকে আতিথ্য দেবে তারা।





