শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ‘হারবে ধর্ষক,জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে গণধর্ষণ, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্ব্বোচ শাস্তির দাবিতে শার্শা উপজেলার নাভারণে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের সামনে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টসহ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন,ঝিকরগাছা সেবা সংগঠন,যশোর জেলা সেবক সংগঠন, নবীবনগর মিতালী যুবসংঘ, বাঁকড়া স্বপ্নচূড়া সংগঠন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার আসিফ-উদ-দৌলা অলোকসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, মানবাধিকার নেত্রী সালমা আক্তার শেলি, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এম এ মুন্নাফ খোকন, মানবাধিকার হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, যশোর জেলা সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান,নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বুলি,শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস প্রমুখ। এ সময় বক্তারা ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট,আশ্রয়দাতাদের আইনের আওতায় আনাসহ দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।





