আলমগীর কবির, রূপদিয়া (যশোর)॥ যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের শাখাঁরীগাতি ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে শাখাঁরীগাতী রাস্তার মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত যুবকের নাম জাকির হোসেন (২৮)। তিনি ওই এলাকায় আব্দুল আজিজ মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জাকির মোটরসাইকেল চালিয়ে রেল লাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। তার বুকের নিচ থেকে শরীরের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সেলিম এসিআই কোম্পানির একজন কর্মী বলে পারিবারিক সূত্রে জানা যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির এসআই আজাদুল ইসলাম ঘটনাস্থলে যান।





