খুলনায় ধর্ষণের বিরুদ্ধে গণস্বাক্ষর ও শপথ

খুলনা ব্যুরো ॥ ধর্ষণের বিরুদ্ধে গণস্বাক্ষর ও শপথ নিয়েছেন খুলনাবাসী। বুধবার দুপুরে মহানগরীর শিববাড়ী মোড়ে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এ গণস্বাক্ষর ও শপথ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তাদের মুখে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ বাক্য উচ্চারিত হয়। গণস্বাক্ষর ও শপথ চলাকালে নাগরিক নেতারা বলেন, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদন্ড, প্রয়োজনে ক্রসফায়ারের দাবি উঠেছে মহান জাতীয় সংসদে। এ থেকে প্রমাণ হয় যে নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে পারলে এ রোধ করা সম্ভব। বক্তারা বলেন, ধর্ষণ আর মাদক এক অপরের পরিপূরক। তাই দুটিকেই এক সাথে রোধ করতে হবে। নারী নির্যাতন করে হত্যা, ধর্ষণ মামলাগুলোর জন্য দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ধর্ষণের কারণে নারীসমাজ আতঙ্কিত ও চিন্তিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সঞ্চালনা করেন জনউদ্যোগ খুলনার আহবায়ক অ্যাড. শামীমা সুলতানা শীলু ও জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। বক্তব্য রাখেন সংগঠনের বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুন্নাহার, রেহেনা আক্তার, রোজী রহমান, সিপিবি নারী সেলের সুতপা বেদজ্ঞ, সাংস্কৃতিক কর্মি জেসমিন জামান, মহিলা পরিষদের ইসরাত আরা হীরা, আগুয়ান ৭১’র মো. আব্দুল্লাহ চৌধুরী, আবিদ শান্ত, কমলেশ বাছাড়, রুমি রহমান, সুকন্যা সরদার, কাওছারী জাহান, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, গ্লোবাল, খুলনার আহবায়ক শাহ মামুনর রহমান তুহিন প্রমুখ।

ভাগ