স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের রেডিয়েশন নামে একটি আবাসিক হোটেল থেকে ইন্দ্রজিৎ দেবনাথ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের পোস্টঅফিস মোড়ের ওই আবাসিক হোটেলের ৪১৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি গ্রামের শুসেন দেবনাথের ছেলে। মৃত্যুর আগে স্ত্রীর উদ্দেশ্যে একটি নোট লিখে রেখে গেছেন ইন্দ্রজিৎ। তকে দরজার উপরে হ্যাংগারে ঝুলে এভাবে মৃত্যু জনমনে নানা সন্দেহের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বোঝা যাবে। রেডিয়েশন হোটেলের ম্যানেজার শাহিনুর রহমান জানান, গত ২৭ সেপ্টেম্বর ইন্দ্রজিৎ ব্যবসায়ীক কারণ দেখিয়ে হোটেলে সিট বুকিং নিয়ে অবস্থান শুরু করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার দিকে তার কাছে ভাড়ার টাকা আনতে যাওয়া হয়। এসময় তার রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করা হয়। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে রাতেই দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।





