লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে। এতে সালাহউদ্দিন অক্ষত থাকলেও হামলায় তার গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সালাহউদ্দিনের মিডিয়া উইং থেকে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা এই হামলা চালিয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচনি গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনি অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের ওপরে এ হামলা চালানো হয়।
সালাহউদ্দিন বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী মিছিলসহ হঠাৎ দৌড়ে এসে আতর্কিত হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। নির্বাচনি প্রচারণায় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। রাজনীতি ও এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে কোনও ধারণা তার নাই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালাযন, আবার আমার গণসংযোগে হামলা চালান।’ সালাহউদ্দিন আরও বলেন, ‘আমি সালাহউদ্দিন আহমেদ এই এলাকার তিন-তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। এ এলাকার ৯০ ভাগ উন্নয়ন আমার হাত ধরে হয়েছে। আমার প্রচারণায় অতর্কিত হামলা করে তিনি এ এলাকার জনগণের মনে আঘাত করেছেন এবং রাজনীতিতে তার নাবালকতার পরিচয় দিয়েছেন।’ এর আগে ডেমরার বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি।





