ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় প্রভাশালী প্রতিপরে বিরুদ্ধে একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাহাপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ফরিদ উদ্দিন শেখের কেনা জমি সমঝোতার ভিত্তিতে অ্যাওয়াজ বদল করে রাস্তা তৈরি করে বাড়িতে যাতয়াত করে আসছিলেন। গত ৩ অক্টোবর প্রতিপক্ষ মৃত ফজলুর রহমানের ছেলে মোমিনুল ইসলাম সেই রাস্তাটি বন্ধ করে দেন। এসময় ফরিদ উদ্দিন নিষেধ করলে তারা কোনো ভ্রƒক্ষেপ করেনি। এক পর্যায়ে তিনি রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে তিনিও তাদের নিষেধ করেন। কিন্তু তারা চেয়ারম্যানের কথায়ও কর্ণপাত করেনি। এ ব্যাপারে জানতে চাইলে মোমিনুল ইসলাম বলেন, ‘আমি পার্শ্ববর্তী মৃত মোনতাজ বিশ্বাসের ওয়ারিশদের কাছ থেকে ওই জমিটা কিনেছি। তারা শনিবার জমি মেপে আমাকে দখল বুঝিয়ে দিয়েছে, এবং বেড়াটিও তারা ঘিরে দিয়েছে। রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শাকুর উদ্দিন বলেন, তারা কারও কথা শুনছে না। সম্পূর্ণ গায়ের জোরে এই গর্হিত কাজ করা হয়েছে। একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া চরম অন্যায় হয়েছে, এ ঘটনার নিন্দা জানান তিনি। ফরিদ উদ্দিন গত রবিবার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি দেখার জন্যে উপজেলা সহকারী কর্মকর্তাকে (ভূমি) দায়িত্ব দেন।





