স্টাফ রিপোর্টার ॥ যশোরের একটিসহ দেশের ৪ টি কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে। গত ১ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপ-সচিব শামীমা বেগম স্বাক্ষরিত মন্ত্রণালয়ের পক্ষে এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়। অভিযোগ সংক্রান্ত এসব তদন্তাধীন কলেজের মধ্যে যশোরের বাঘারপাড়ার খবির-উর-রহমান কলেজের সভাপতি নূর মোহাম্মাদ পাটোয়ারীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড সংক্রান্ত দু‘টি তদন্ত প্রতিবেদনও চাওয়া হয়েছে। ওই নির্দেশনা পত্র সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকার কয়েকটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতিসহ অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে বিচার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বিচার চেয়ে আবেদন করেন ক্ষতিগ্রস্তরা। এসব আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত পূর্বক ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। যশোরের বাঘারপাড়ার খবির-উর-রহমান কলেজ ছাড়াও বাকি কলেজগুলো হলো সিলেটের মঈন উদ্দীন আদর্শ মহিলা কলেজ, খুলনার লবনচারা হাজী আব্দুল মালেক ইসলামীয়া কলেজ ও সাতক্ষীরার আব্দুর রহমান কলেজ। এসব কলেজের নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ করা হয় বলে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে।




