আলবার ‍দুর্ভাগ্যে ডেস্টের অভিষেক

লোকসমাজ ডেস্ক॥ কোচ রোনাল্ড কোম্যান তাকে স্কোয়াডে রেখেছিলেন। কিন্তু রবিবারই যে সের্জিনো ডেস্টের অভিষেক হয়ে যাবে বার্সেলোনার জার্সিতে তা নিজেও ভাবতে পারেননি ডাচ-আমেরিকান ফুটবলার। অভিষেক হলো জর্ডি আলবার দুর্ভাগ্যে। বিরতির পর পরই মাঠে তার দৌড়ানোর গতিটা শ্লথ মনে হচ্ছিল, অস্বস্তি প্রকাশ পাচ্ছিল। সেভিয়ার একটি ডান প্রান্তিক আক্রমণ রুখতে গিয়ে হাওয়ায় ভাসা বল নিয়ন্ত্রণ করতে যান পা তুলে। তার পরপরই বসে পড়েন মাঠের মধ্যে। বসে পড়েন তো বসেই থাকেন। পরে মাঠই ছাড়তে হয় বার্সেলোনার নির্ভরযোগ্য লেফট ব্যাককে। খেলার তখন ৭৫ মিনিট। এই সময়টাকে কখনও ভুলবেন ডেস্ট। এই সময়টাতেই যে বার্সেলোনার জার্সি গায়ে তার অভিষেক! মূলত লেফট ব্যাক। ১৪-১৫ মিনিটের মতো খেলেছেন অনভ্যস্ত রাইট ব্যাক পজিশনে। তাতেই দৃষ্টি কেড়েছেন আয়াক্স থেকে এসে তিনদিন আগে সাইন করা ১৯ বছর বয়সী ফুটবলার। বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ। দ্রুতগতি সম্পন্ন। হার না মানা মনোভাবটা পরিষ্কার। পাসিং প্রায় নিখুঁত।
দৈনিক মার্কা বার্সেলোনার যে খেলোয়াড়-রেটিং করেছে, তাতে ১৫ মিনিট খেলেই তৃতীয় স্থানে ডেস্ট। সবার ওপরে আবারও কুতিনিয়ো। মেসির দিনটা খরাপ গেছে, রেটিং অনুয়ায়ী তিনি দশ নম্বরে। বার্সেলোনায় অভিষেকের দিনে রোমাঞ্চিত ডেস্ট। ‘আমরা সব ম্যাচই জিততে চাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ড্র করেছি। কোচ আমার আস্থা রেখেছেন এবং প্রথম ম্যাচ খেলেছি, এতে আমি ভীষণ আনন্দিত’- ম্যাচের পর বলেছেন বার্সেলোনার অফিসিয়াল মিডিয়াকে। ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম ন্যু ক্যাম্পে খেলতে পারাটা তার কাছে স্বপ্নের মতো অনুভূতির। কিন্তু হায়, করোনাভাইরাস মহামারির কারণে অভিষেকটা হতে পারলো না ভরা গ্যালারির সামনে! ডেস্টের আশা আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন। তা অবশ্য এমনিতেও হবে। কারণ আলবার হ্যামস্ট্রিং চোট নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে জানানো হয়নি যে যে সেরে উঠতে কতদিন সময় লাগবে।

ভাগ