বার্সা হোঁচট খেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

লোকসমাজ ডেস্ক॥ মৌসুমের দারুণ শুরুর ছন্দ আর ধরে রাখতে পারলো না বার্সেলোনা। তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেলো রোনাল্ড কোম্যান যুগের বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সেভিয়ার সঙ্গে কাতালানরা ড্র করেছে ১-১ গোলে। অবশ্য ড্র করলেও দুই দলই সমান ৭ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান করছে। শুরু থেকেই দুর্দান্ত ছিল সেভিয়া। সেই সুবাদে সুযোগ চলে আসে শুরুর দিকেই। সুসোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বার্সার ফ্রেংকি ডি ইয়ং। সুযোগ পেয়ে বার্সার জালে বল জড়িয়ে দিয়েছেন লুক ডি ইয়ং। এর ফলে মৌসুমের প্রথম গোল হজম করলো বার্সা। দুই মিনিট পর অবশ্য বার্সা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন কুতিনহো। জর্ডি আলবার পাস থেকে তিনি স্কোর করেন ১-১।
এরপর মেসি, আনসু ফাতি বা আঁতোয়া গ্রিজমান গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। বিশেষ করে বিরতির একটু আগে ভালো সুযোগটি পেয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি। কিন্তু তার বাম পায়ের শট চলে যায় লক্ষ্যের বাইরে। উল্টো বার্সা অল্পের জন্য বিপদ এড়িয়েছে দ্বিতীয়ার্ধে। আত্মঘাতী গোল করতে বসেছিলেন রোনাল্ড আরাহো। এন নেসিরির ক্রস লেগেছিল বার্সা ডিফেন্ডারের পায়ে। ভাগ্য ভালো যে সেটি পায়ে লেগে ক্রসবারে বাধা পেয়ে ফিরেছিল। শেষ দিকে জয় পেতে মরিয়া ছিল দু দলই। কিন্তু গোল পায়নি কেউ। তবে এই অর্ধেই ইতিহাসের অংশ হয়ে যান বার্সার নতুন সাইনিংস সার্জিনো ডেস্ট। আলবা চোট পেলে প্রথমবারের মতো বার্সার হয়ে মাঠে নামেন এই রাইট ব্যাক। তিনি কিছু ঝলক দেখানোর চেষ্টা করেছিলেন, মেসিকে পাস দিলেও বার্সার প্রাণভোমরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে দুই দলই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে।
এদিকে বার্সা পয়েন্ট ভাগাভাগি করলেও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই। লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। এই প্রথম টানা গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ১৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে পাওয়া বলে রিয়ালকে অগ্রগামিতা এনে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে যোগ করা সময়ে মৌসুমের প্রথম গোল তুলে নেন বেনজেমা।

ভাগ