মাগুরা সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামের সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্কুল ক্যাম্পাসে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্মিত ভবনটির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীরেন শিকদার বলেন, এ গ্রামে আমার বাবা বিহারী লাল শিকদারের নামে একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রামের নারী শিক্ষার বিস্তারের জন্য আমার মায়ের নামে সরস্বতী শিকদার স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। উপযুক্ত শিক্ষক ও পরিবেশ থাকায় এখানকার লেখাপড়ার মান খুবই উন্নত। স্কুলের এই ৪ তলা ভবনটি তৈরি হওয়ার ফলে ছাত্রীদের আর কাসরুম সংকট থাকবে না বলে তিনি আশা করেন।





